প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের গোড়ল ইউনিয়নে এক বিএনপি নেতাকে ঘিরে করা সমালোচনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, সমালোচনার প্রতিক্রিয়ায় ওই বিএনপি নেতার ছেলে ক্ষিপ্ত হয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অশালীন ও বিদ্বেষমূলক ভাষায় মন্তব্য করেছেন।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট অনুযায়ী, বিএনপির গোড়ল ইউনিয়নের আহ্বায়ক গজর উদ্দিন পাটোয়ারীর বক্তব্য ও পোস্ট নিয়ে সমালোচনা করা হলে তার ছেলে সাব্বির পাটোয়ারী তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি ব্যক্তিগত আক্রমণমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এ ধরনের ভাষাকে অনভিপ্রেত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। তাদের মতে, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও শালীনতা বজায় রাখা সকলের দায়িত্ব।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন রাজনৈতিক সচেতন ব্যক্তি বলেন, “রাজনীতিতে সমালোচনা স্বাভাবিক। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।”
প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত সাব্বির পাটোয়ারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে সংশ্লিষ্ট বিএনপি নেতার প্রতিক্রিয়াও জানা যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন