জুয়েল হোসেন

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ০৫:০৬ পিএম

অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় সাতভাইপাড়া নূরানি ও হাফেজিয়া মডেল মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারি সাতভাই পাড়া নূরানি ও হাফেজিয়া মডেল মাদ্রাসার নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​২৪শে মার্চ ২০২৬ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।

​উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম রাজু বলেন, "একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই মাদ্রাসাটি অত্র এলাকার শিশুদের সঠিক নৈতিক ও দ্বীনি শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা চাই আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানরা কুরআন ও সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হোক।"

​তিনি আরও জানান, এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার পক্ষ থেকে এই ধরনের সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজের ধারা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাদ ঢালাই কাজের সূচনা শেষে মাদ্রাসার উন্নয়ন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

​স্থানীয় এলাকাবাসী মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন