প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

গোসলের সময় গৃহবধূকে দেখার অভিযোগ, বিচার নয় বরং ছুরি—আতঙ্কে বুড়িমারী

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১৬ ঘোড়িয়া এলাকায় নারী নিরাপত্তা চরমভাবে ভূলুণ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, যুবদল কর্মী সবুজ লুকিয়ে এক গৃহবধূর গোসল করার দৃশ্য দেখেন—এ ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।
অভিযোগের পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার প্রার্থনা করা হয়। কিন্তু বিচার চাওয়াই কাল হয়ে দাঁড়ায়। অভিযোগ অনুযায়ী, বিচার দেওয়ার প্রতিশোধ নিতে যুবদল কর্মী সবুজ ও তার মামা বিএনপি কর্মী মোজাহার সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর ভাসুর (রিপুর বড় ভাই) ও তার পরিবারের ওপর বর্বর হামলা চালান।
ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা নির্বিচারে মারধর করে, ছুরি দিয়ে আঘাত করে এবং প্রকাশ্যেই প্রাণনাশের চেষ্টা চালায়। শুধু তাই নয়—ঘটনাটি কাউকে জানালে “মেরে ফেলার” হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। রক্তাক্ত এই হামলার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, নারীকে উঁকি দেওয়ার মতো গুরুতর অভিযোগের বিচার চাইতে গিয়ে এমন সন্ত্রাসী হামলা প্রমাণ করে এলাকায় অপরাধীরা কতটা বেপরোয়া। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে বুড়িমারী। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন