প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫১ পিএম

অনলাইন সংস্করণ

চন্দ্রপুরে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক ও জমি দখলের অভিযোগ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ আলী ইসলাম আলো ওরফে “ফেনসি আলো”-কে ঘিরে মাদক ব্যবসা, সরকারি জমি দখল ও প্রভাব বিস্তারের একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তার ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন সময়ে মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পূর্বে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ-এর ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। বাজারসংলগ্ন খেলার মাঠ ও সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগও রয়েছে। গতকাল রাতের আঁধারে পূর্বে দখলকৃত স্থানে ইটের দেয়াল তুলে নতুন করে দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানান স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ঘিরে তার পরিবার ও স্বজনদের নিয়ে একটি শক্তিশালী গোষ্ঠী গড়ে উঠেছে। তাদের দাবি, পরিবারের এক সদস্য মাদক ও অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পান না।
এছাড়া বাজারকেন্দ্রিক একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়মিত গরুর হাট আয়োজন এবং সীমান্ত এলাকা থেকে আনা গরু বৈধ করার অভিযোগও রয়েছে। বাজারে প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও ভারতীয় মদ বিক্রির অভিযোগ তুলে স্থানীয়রা বলেন, বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা চন্দ্রপুর বাজারে এসে মাদক সংগ্রহ করে থাকে। দীর্ঘদিন ধরে এটি একটি রমরমা ব্যবসায় পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আরও দাবি, বর্তমানে অভিযুক্ত পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নাম ব্যবহার করে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সাবেক ইউপি মাঠ দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগও তুলেছেন তারা।
অভিযোগের বিষয়ে মোঃ আলী ইসলাম আলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি। তবে কালীগঞ্জ থানার একটি সূত্র জানায়, তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান রয়েছে।
এদিকে এলাকার তরুণ ও শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক তদন্ত, সরকারি জমি দখলমুক্তকরণ এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন