প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ
শাহজাহান আলী শামীম
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জেলা পরিষদের মালিকানাধীন সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজে এ অভিযান পরিচালিত হয়।
লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ বলেন, “সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উক্ত জমিটি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলা পরিষদের মালিকানাধীন ছিল। পরবর্তীতে কোনো ধরনের বৈধ অনুমতি বা লিজ ছাড়াই সেখানে স্কুল ভবন নির্মাণ করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন